দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে সেতুর পূর্ব প্রান্ত থেকে অতিথিদের নিয়ে উদ্বোধনী ট্রেনটি মাত্র তিন মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জের সয়দাবাদে পৌঁছায়।
দুপুর ১২টা ৬ মিনিটে সেতুর পূর্ব প্রান্তের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে উদ্বোধনী ট্রেন যাত্রা শুরু করে এবং ১২টা ১২ মিনিটে ট্রেনটি সেতুতে ওঠে। মাত্র ৩ মিনিটে, ১২টা ১৫ মিনিটে সেতু পার হয়ে পশ্চিম প্রান্তের সয়দাবাদ স্টেশনে পৌঁছায়, ১২টা ২১ মিনিটে সেখানে পৌঁছায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকি। স্বাগত বক্তব্য দেন যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
এ সময় অতিথিরা অনুষ্ঠানের মঞ্চে টাম্বলার লিভার (রেলের লাইন পরিবর্তনের যন্ত্র) টেনে সেতুর উদ্বোধন করেন এবং পরবর্তীতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দিত মুহূর্তটি উদযাপন করেন। নতুন রেলসেতুটি যমুনা নদীর ওপর নির্মিত বর্তমান সড়ক সেতুর পাশেই স্থাপিত হয়েছে।