পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আধাসামরিক বাহিনীর অন্তত পাঁচ সদস্য নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় পুলিশ রবিবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগেই প্রদেশটিতে একটি ট্রেনে হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছিল।
নোশকি এলাকার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাফর বলেন, একটি গাড়িবহরে সাতটি বাস ছিল, যা ইরানের সীমান্তবর্তী তাফতান শহরের দিকে যাচ্ছিল।
গাড়িগুলো নোশকি এলাকায় পৌঁছলে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি একটি বাসকে আঘাত করে। এ হামলায় পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
প্রদেশটির প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের আত্মঘাতী হামলা শাখা এই বিস্ফোরণ ঘটিয়েছে।
এর আগে মঙ্গলবার বিএলএ একটি ট্রেনে হামলা চালায়, যেখানে ৪৫০ জন যাত্রী ছিল। সেই হামলার পর দুই দিনব্যাপী সংঘর্ষ হয়, যাতে বহু মানুষ নিহত হয়। বেলুচিস্তানে ক্রমবর্ধমান সহিংসতা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। আফগানিস্তানের সীমানাঘেঁষা অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করে আসছে, বহিরাগতরা তাদের প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে।
এদিকে বেলুচিস্তানের পাশের খাইবারপাখতুনখোয়া প্রদেশেও শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে পাকিস্তানি তালেবানের হামলা বেড়েছে, বিশেষ করে ২০২১ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে। উভয় গোষ্ঠীর আদর্শিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
এএফপির হিসাবে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পাকিস্তানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় আনুমানিক ১৩০ জন নিহত হয়েছে।
নিহতদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য। এসব হামলা মূলত আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ঘটছে।