চট্টগ্রাম নগরীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য, অননুমোদিত বিদেশি প্রসাধনী, অননুমোদিত দুধ ও ঘি সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম।
সোমবার (১০ মার্চ) চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ চানাচুর, নকল পণ্য, অননুমোদিত বিদেশি প্রসাধনী, মেয়াদ ও মূল্যহীন দুধ ও ঘি, এবং সয়াবিন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও খুচরা বিক্রেতাদের শর্তসাপেক্ষে তেল বিক্রির অভিযোগে চট্টগ্রামের খতিবের হাট মসজিদ গলির মেসার্স এম এম এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাধিকার চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, অভিযানে সয়াবিন তেল খুচরা বিক্রেতাদের পাইকারি দাম ছাড়া বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, বহদ্দারহাট কাঁচা বাজারের মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।