রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

নাফ নদ থেকে আটক করা ২৯ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি।

সাগর থেকে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তাদের নিয়ে পৌরসভাস্থল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে পৌঁছান টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা।

এর মধ্য ১৪ জন রোহিঙ্গা ছিলেন। যারা টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ফেরত আসা জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।

জেলেদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, নাফ নদে মাছ শিকারের সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় নৌকাসহ ২৯ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা তাদের (আরকান আর্মি) সঙ্গে যোগাযোগ শুরু করি। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকালে জেলেদের ফেরত আনা হয়েছে।

ফেরত আসা জেলে আমান উল্লাহ বলেন, গত বৃহস্পতিবার নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তখন তারা আমাদেরকে বলে, অবৈধভাবে আমাদের জলসীমায় মাছ শিকারের অপরাধের আপনাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মারধর না করলেও ঠিকমতো খাবার দেয়নি আমাদের।

ফেরত আসা আরেক জেলে হাসান বলেন, আমাদের বাপ-দাদারা আজীবন নাইক্ষ্যংদিয়াই সীমান্তে মাছ শিকার করে আসছে। সেই জায়গায় আর্মি চাপ সৃষ্টি করতেছে। যুগ যুগ ধরে জেলেরা সে স্থানে মাছ শিকার করে আসছিল। এ জন্য আমরা সেখানে মাছ শিকারে যাই। বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে যে সে স্থানে উন্মুক্তভাবে মাছ শিকার করতে যেন দেয়।

এ বিষয়ে নৌকার মালিক বদিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার সাগর থেকে মাছ শিকার করে নাফ নদ দিয়ে ফেরার সময় নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়। অবশেষে বিজিবির প্রচেষ্টায় এক সপ্তাহ পর জেলেদের ফেরত আনা হয়েছে। তবে জেলেদের ব্যবহৃত নৌকা আর জালগুলো ফেরত দেয়নি। তাছাড়া নাফ নদে ও সাগরে এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৯ জেলেকে ফেরত আনা হয়েছে। জেলেরা গত ১১ ও ২০ ফেব্রুয়ারি মাছ শিকারে গেলে ভুলবশত সীমান্ত অতিক্রম করে। এ সময় তাদের ছয়টি ইঞ্জিনচালিত বোটের ২৯ জেলেকে আরাকান আর্মি আটক করে। এরপর তাদের ফেরত আনতে কাজ শুরু করে বিজিবি। অবশেষে তাদের ফেরত আনা হয়েছে। তবে ফেরত জেলেদের মধ্য ১৪ রোহিঙ্গা রয়েছে। যারা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

Translate