মার্কিন সরকারের ওপর চাপ কমাতে ছাঁটাই ও ব্যয় সংকোচন নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরও ফেডেরাল সরকারের আকার ছোট করতে আগ্রাসী হওয়ার জন্য ধনকুবের ইলন মাস্ককে শনিবার (২২ ফেব্রুয়ারি) আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইলন অসাধারণ কাজ করছে। তবে আমি চাই, সে আরও আগ্রাসীভাবে কাজ করুক। সবাই মনে রাখবেন, দেশ বাঁচানোর এক দায়িত্ব রয়েছে আমাদের। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে যে কোনও সময়ের চেয়ে মহান করে তোলা।
হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর সরকারি সক্ষমতা বিভাগ (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) নামে একটি স্বাধীন পরামর্শক সংস্থা প্রতিষ্ঠা করেছেন ট্রাম্প। এর নেতৃত্বে আছেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। এই সংস্থার পরামর্শে এখন পর্যন্ত হাজার হাজার কর্মী চাকরিচ্যুত হয়েছেন। পাশাপাশি, বিভিন্ন প্রকল্পে অর্থায়ন স্থগিত করা হয়েছে।