শনিবার ১৮ই জুলাই, ২০২৬

মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি, উদ্বেগে ব্যবসায়ীরা।

রাজধানীর মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে সংঘবদ্ধ এক দল ডাকাত এক রাতেই ছয়টি দোকান ও বাসায় আক্রমণ চালিয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর রাত ৪টা ২০ মিনিটে একটি দামি ব্যক্তিগত গাড়ি থেকে তিনজন বের হয়ে দোকানের তালা কেটে চুরি করে।

প্রথমে ডাকাত দল ‘মা মনি’ স্টোরে হামলা চালায়। তালা ভেঙে দোকানের মালামাল ও নগদ অর্থ লুট করে তারা চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী তুলে নেয় গাড়িতে। একই কৌশলে পার্শ্ববর্তী তিনটি দোকান ও দুটি বাসাতেও হানা দেয় চক্রটি।

‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন জানান, “সকালে এসে দেখি সাটার ঠিকই আছে, তবে তালা ভাঙা। ক্যাশ বাক্স ও সব মূল্যবান জিনিসপত্র উধাও।” একই ধরনের ক্ষতির কথা জানিয়েছেন পাঞ্জাবির দোকান আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউজের রুবেল মিয়া

একই কৌশলে সংলগ্ন আরো তিনটি দোকানে চুরি সংঘটিত হয়। ডাকাত চক্র ভোর ৫টা পর্যন্ত এই অভিযান চালায়। পাশাপাশি, একই সময়ে এলাকায় দুটি বাসায়ও চুরির ঘটনা ঘটে।

দোকানি রুবেল মিয়া বলেন, “ডাকাতির বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে।”

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সবুজ স্যুট পরা এক ডাকাত আশপাশে নজর রাখছিল, অন্য দুইজন দোকানের মাল বের করছিল। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র।

ব্যবসায়ীরা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

Translate