মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বেড়েছে সোনার মূল্য। এবার ভরিতে ৩,২৪৩ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৪,৫২৫ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৪৭,৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,২৬,৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১,০৪,২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১,৫৮৬ টাকা।
বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি সংযুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।
এর আগে, সবশেষ ১৭ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ১,৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৫১,২৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৪৪,৪০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,২৩,৭৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছিল ১,০১,৯৩২ টাকা, যা ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়।
এ নিয়ে চলতি বছরে ৮ বার সোনার দাম সমন্বয় করা হলো, যেখানে প্রতিবারই মূল্য বৃদ্ধি করা হয়েছে। ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে
ছবি : সংগৃহীত