রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাঙ্কার বিস্ফোরণ— ৭০ জন নিহত।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি পেট্রোল ট্যাঙ্কার উল্টে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭০ জন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানী আবুজা থেকে কাদুনার সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) এই তথ্য নিশ্চিত করেছে।

এফআরএসসি প্রধান কুমার সুকওয়াম জানান, ৬০ হাজার লিটার পেট্রোলবাহী ট্যাঙ্কারটি উল্টে গেলে স্থানীয় লোকজন জ্বালানি সংগ্রহ করতে যায়। এ সময় ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা বেশিরভাগ মানুষের শরীর এমনভাবে পুড়িয়ে দিয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়, এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করার কাজ চলছে। গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে এ ঘটনাকে “উদ্বেগজনক, হৃদয়বিদারক এবং দুর্ভাগ্যজনক” হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, বিস্ফোরণে নিহতদের পাশাপাশি বহু মানুষ দগ্ধ হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাইজেরিয়া বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দাম গত ১৮ মাসে পাঁচ গুণ বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জ্বালানি সংগ্রহে আগ্রহী হয়ে ওঠেন।

উল্লেখ্য, নাইজেরিয়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে, গত অক্টোবরে জিগাওয়া রাজ্যে একটি পেট্রোল ট্যাঙ্কারের বিস্ফোরণে ১৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

Translate