নিবন্ধন অধিদপ্তর এবং এর অধীন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মরত অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীদের মজুরি বাড়িয়ে সর্বোচ্চ ৮০০ টাকা করার প্রস্তাব দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অর্থ বিভাগের সম্মতি চেয়ে পাঠানো চিঠিতে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দৈনিক ৮০০ টাকা, অন্যান্য বিভাগীয় শহর ও সিটি করপোরেশনে ৭৫০ টাকা এবং জেলা-উপজেলা পর্যায়ে ৭০০ টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বর্তমানে ৬০ থেকে ১২০ টাকা মজুরিতে কর্মরত প্রায় ১ হাজার ১৬০ জন কর্মচারীর মানবিক দিক বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।