প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৬তম মন্ত্রিসভা বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬’ ও ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন-২০২৬’-এর চূড়ান্ত খসড়াসহ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা এবং হংকংয়ের সঙ্গে ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা (এমএলএ) চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, দেশে সৌরবিদ্যুতের দ্রুত বিস্তার ও সরকারি ক্রয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দেশীয় শিল্প ও নারী উদ্যোক্তাদের সুবিধা বাড়াতে এই আইন দুটি আনা হয়েছে। এ ছাড়া ২০২৭ সালে পার্বত্য নৃগোষ্ঠীদের ঐচ্ছিক ছুটিসহ মোট ২৯ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৭ দিন সাপ্তাহিক বন্ধে পড়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।