স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দিনের ভোট রাতে করার সুযোগ থাকবে না। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের সব উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা এবং কৃষকদের কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইমাম ও মুয়াজ্জিনদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে মীর শাহে আলম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে যাবেন তাঁরা। এ সময় তিনি জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের সমালোচনা করেন এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দেন।

Translate