মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। সোমবার রিয়াদে জোটের জরুরি বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকি মোকাবিলায় তিন দেশ সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর মাধ্যমে সামরিক প্রস্তুতি, সমন্বয় ও প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
বৈঠকে সৌদি আরবের শহর, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা এবং মক্কা-মদিনাকে লক্ষ্য করে হামলার নিন্দা জানানো হয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, পাকিস্তান ও তুরস্কের সামরিক সদস্যরা বর্তমানে সহায়ক ও পর্যবেক্ষণমূলক ভূমিকায় রয়েছে।
বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোটের অপারেশনাল ও সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হয়েছে বলেও জানান খাজা আসিফ।