৭০ বছর পর আসাম থেকে নৌপথে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ

ভারতের আসামের ডিব্রুগড় থেকে ৭০ বছর পর প্রথমবারের মতো বিদেশি বন্দরের উদ্দেশে পণ্যবাহী নৌযান ছেড়েছে। সোমবার বোগিবিল টার্মিনাল থেকে ৫৪০ মেট্রিক টন মিথানল নিয়ে জাহাজটি বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশে রওনা হয়।

রাষ্ট্রায়ত্ত আসাম পেট্রো-কেমিক্যালসের নামরূপ কারখানায় উৎপাদিত মিথানলবাহী জাহাজটি ব্রহ্মপুত্রের ন্যাশনাল ওয়াটারওয়ে-২ ও ভারত-বাংলাদেশ প্রটোকল রুট ব্যবহার করে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।

ভারতের বন্দর ও নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, এই যাত্রার মাধ্যমে আসামের পণ্য নদীপথে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশসহ আঞ্চলিক বাজারের সঙ্গে যুক্ত করার সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

দেশভাগের পর যোগাযোগ বিচ্ছিন্নতা ও নানা কারণে ডিব্রুগড়ের নদীবন্দর কার্যক্রম হারিয়ে ফেলে। ১৯৫৬ সালে ঘাটটি বন্ধ হয়ে যাওয়ার প্রায় ৭০ বছর পর আবারও বাণিজ্যিক নৌযানের যাত্রা শুরু হলো।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Translate