জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরপরই নিউ ইয়র্ক ছেড়ে ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, যেদিন নেতানিয়াহু নিউ ইয়র্কে পৌঁছান, সেদিনই ভাষণ শেষে ইসরায়েলে ফিরে গেছেন তিনি।
জাতিসংঘে ভাষণের পর প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে তিনি ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে তিন দেশের সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তার উদ্বেগের কারণে নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করেছেন নেতানিয়াহু।
এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মেয়র নির্বাচনের প্রচারের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারের কথা বলেছিলেন। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি আবারও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা সম্মান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে শহরজুড়ে বিক্ষোভ হয়েছে। আজ এসব বিক্ষোভ থেকে ১০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: আল জাজিরা