চট্টগ্রাম এমইএস কলেজে ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় ওমরগণি এমইএস কলেজ কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর ফেসবুক আইডি থেকে মিছিলটির একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা অংশের একটি গলি থেকে আনুমানিক ২০ থেকে ৩০ জনের একদল কিশোর ও যুবক হাতে ব্যানার নিয়ে দ্রুত মূল সড়কে ওঠে। সড়কে দাঁড়িয়ে তারা প্রায় এক মিনিট ধরে সরকার ও ট্রাইব্যুনালবিরোধী এবং তাদের স্বপক্ষের নানা স্লোগান দিতে থাকে। এর মধ্যে ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানব না’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এর মতো স্লোগানগুলো স্পষ্ট শোনা যায়। তবে দ্রুততম সময়ের মধ্যে মিছিল শেষ করে অংশগ্রহণকারীরা সটকে পড়ায় এবং ভিডিওতে লেখা স্পষ্ট না থাকায় ব্যানারের বিস্তারিত বক্তব্য নিশ্চিত হওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ভিডিওটি আমাদের নজরে এসেছে। সম্ভবত এটি সকালের। এটি ছড়ানোর পর আমরা আশেপাশের ফুটেজ সংগ্রহ করে জড়িতের শনাক্ত করার চেষ্টা করছি।

Translate