২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও কোল পালমারকে আবারও ইংল্যান্ড দলে ফিরিয়েছেন কোচ টমাস টুখেল। উয়েফা নেশনস লিগের ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ইংলিশ কোচ। এবারের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছেন তিনি।
২০২৫ সালের জুনের পর প্রথমবার জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট। চেলসির মিডফিল্ডার কোল পালমারও ফিরেছেন ইংল্যান্ডের জার্সিতে। টুখেলের অধীনে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া আলোচিত দুই ফুটবলারই এবার সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ড এবারের ফিফা আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের চারটি ম্যাচ খেলবে। স্পেন, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচগুলো সামনে রেখেই দল সাজিয়েছেন টুখেল।
স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন লিভারপুলের ১৮ বছর বয়সি উইঙ্গার রিও এনগুমোহা। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের হয়ে প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছিলেন তিনি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের মিডফিল্ডার অ্যালেক্স স্কটও।
এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েটও টুখেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন। পাশাপাশি দলে ফিরেছেন লুইস হল, ডমিনিক ক্যালভার্ট-লেউইন ও মাইলস লুইস-স্কেলি।
তবে এবারও টুখেলের দলে জায়গা হয়নি ফিল ফোডেনের। বাদ পড়েছেন মর্গান গিবস-হোয়াইট ও অ্যাডাম হোয়াইটনও। বিশ্বকাপের স্কোয়াডে থাকা অলি ওয়াটকিনস, ইভান টনি ও ননি মাদুয়েকেও এবার দলে রাখা হয়নি।
চোটের কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন রিস জেমস, জন স্টোনস, ডিজেড স্পেন্স, ড্যান বার্ন, জর্ডান হেন্ডারসন, বেন হোয়াইট ও ডিন হেন্ডারসন। বিশ্বকাপের দলে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের কোবি মাইনুকে এবারও দলে রেখেছেন টুখেল।
ট্রেন্ট ও পালমারকে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করে ইংল্যান্ড কোচ বলেন, ‘মৌসুমের শুরুটা তাদের দুজনেরই ভালো ছিল। তারা কখনোই কোনো ভুল করেনি, আমরা শুধু অন্য খেলোয়াড়দের বেছে নিয়েছিলাম। এখন নতুন প্রতিযোগিতা শুরু হচ্ছে। কোল আবার তার পরিসংখ্যান ফিরে পেয়েছে—অ্যাসিস্ট, গুরুত্বপূর্ণ গোল। আমি মনে করি, তার নিজেকে প্রমাণ করার একটা তাগিদ আছে।’
ট্রেন্টকে রাইট-ব্যাক হিসেবেই বিবেচনা করা হচ্ছে বলেও পরিষ্কার করেছেন টুখেল। তিনি বলেন, ‘রাইট-ব্যাক হিসেবেই ট্রেন্টকে বিবেচনা করা হচ্ছে। সে কখনোই আমাদের বিবেচনার বাইরে ছিল না। এখন তার সুযোগ এসেছে ক্যাম্পে এসে নিজের সেরা সংস্করণটা দেখানোর।’
তবে জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করতে ট্রেন্টকে পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন টুখেল। তার ভাষায়, ‘তাকে পারফর্ম করতে হবে; এটা একটা প্রতিযোগিতা। সে বিশ্বকাপে আমাদের সঙ্গে ছিল না। এখন তার জায়গার জন্য লড়াই করার সময়। সে সবসময় বলেছে, এই লড়াইয়ের জন্য সে প্রস্তুত। এখন তাকে সেটা প্রমাণ করতে হবে। আমাদের সামনে দীর্ঘ ক্যাম্প আছে এবং আমি নিশ্চিত, সে নিজেকে মেলে ধরবে।’
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের নেশনস লিগ। লিগ ‘এ’-এর গ্রুপ এ৩-এ রয়েছে ইংল্যান্ড। ২৬ সেপ্টেম্বর স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় অভিযান শুরু করবে থ্রি লায়ন্সরা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র।
ইংল্যান্ড স্কোয়াড
গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), জেসন স্টিল (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), জেমস ট্র্যাফোর্ড (লিডস ইউনাইটেড)
ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড (রিয়াল মাদ্রিদ), জ্যারাড ব্রান্থওয়েট (এভারটন), ট্রেভো চালোবাহ (কোমো), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), লুইস হল (নিউক্যাসল ইউনাইটেড), এজরি কনসা (আর্সেনাল), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল ইউনাইটেড), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কুয়ানসা (বায়ার লেভারকুসেন)
মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন (ম্যানচেস্টার সিটি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), মাইলস লুইস-স্কেলি (আর্সেনাল), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), কোল পালমার (চেলসি), ডেকলান রাইস (আর্সেনাল), অ্যালেক্স স্কট (এএফসি বোর্নমাউথ)
ফরোয়ার্ড: ডমিনিক ক্যালভার্ট-লেউইন (লিডস ইউনাইটেড), এবেরেচি এজে (আর্সেনাল), অ্যান্থনি গর্ডন (বার্সেলোনা), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), রিও এনগুমোহা (লিভারপুল), মার্কাস র্যাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), মর্গান রজার্স (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল)।