মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে বেরিয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে প্যারাশুটে অবতরণ করেন।
বিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের এবং নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল। পাইলটকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি নিচের দিকে নামার পর বিকট শব্দ, বিস্ফোরণ ও কালো ধোঁয়া দেখা যায়। দুর্ঘটনার পর সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা খালি করার নির্দেশ দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
বিমান নিয়ন্ত্রণকক্ষের অডিওতে দুর্ঘটনার আগে ‘মে ডে’ সংকেতের ইঙ্গিত পাওয়া গেছে। বিমানটি সম্ভবত পাখির সঙ্গে ধাক্কা খাওয়ার পর একটি ইঞ্জিন বিকল হয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।