ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় রাঙামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)’র ১ নম্বর জিপি গেটের কাছে অভিযান চালানো হয়।
অভিযানে নিঠু মারমা (৩৩) ও সুপ্রিয় চাকমা (২০) নামে দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দু’টি সিম কার্ড ও ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে অটোরিকশাও।
হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সিএনজি থেকে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা। আটক দুই ব্যক্তি, জব্দ করা টাকা, মালামাল ও সিএনজিটি আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।