সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলার জবাবে এই পাল্টা অভিযান চালিয়েছে বলে দাবি করছে হুথি বিদ্রোহীরা। গত পাঁচ দিন ধরে সৌদির যুদ্ধবিমানগুলো ইয়েমেনের বিভিন্ন প্রদেশে তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি।
এদিকে সৌদির সিভিল ডিফেন্স খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ থাকতে ও অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।
এদিকে হুতিরা বলছে, সৌদি আরব যতদিন ইয়েমেনে সামরিক অভিযান চালিয়ে যাবে, ততদিন সৌদির ভেতরে হামলা অব্যাহত রাখবে তারা। একইসঙ্গে তারা সতর্ক করেছে, নতুন কোনো হামলা চালানো হলে জবাব কঠোরভাবে দেওয়া হবে।
সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা জোরদার করেছে। হুতিরাও সৌদির দক্ষিণাঞ্চলীয় শহর ও জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি