এমপি পদও ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ চালিয়ে যেতে চান তিনি।
স্টারমারের পদত্যাগের ফলে লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৫ সাল থেকে এই আসনের এমপি ছিলেন তিনি, যা দীর্ঘদিন ধরে লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
গত জুলাইয়ে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর স্টারমার বলেছিলেন, ২০২৯ সালের সম্ভাব্য সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে হঠাৎ করেই এমপি পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।
ক্যামডেন নিউ জার্নালকে স্টারমার বলেন, গত ১১ বছর হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের প্রতিনিধিত্ব করা তাঁর জন্য ‘বিশাল সম্মান ও সৌভাগ্যের’ বিষয়। এখন তিনি দায়িত্বের ‘ব্যাটন’ উত্তরসূরির হাতে তুলে দিতে প্রস্তুত।
স্টারমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ন্যায়বিচারের জন্য লড়াই করা মানুষের পাশে থেকে তিনি আজীবন জনসেবা করেছেন। তাঁর নেতৃত্বে লেবার পার্টি বড় পরাজয় থেকে বড় বিজয়ের দিকে এগিয়ে যায় এবং দেশ পরিবর্তনের জন্য শক্ত ভিত্তি তৈরি হয়।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন স্টারমার। তবে লেবার এমপিদের একাংশের চাপের মুখে গত জুলাইয়ে তিনি ১০ ডাউনিং স্ট্রিট ছাড়েন।