রাজস্থলীতে ক্রেতার বেশে অভিনব কায়দায় দোকানে চুরি

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের চৌধুরী মার্কেটের সুভাষ স্টোর নামে একটি দোকানে কেনাকাটার নামে অভিনব কায়দায় প্রায় ১১ হাজার টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে এক প্রতারক ক্রেতার বেশে দোকানটিতে চুরি করে।

জানা যায়, প্রতারক ক্রেতা কেনাকাটার অভিনয় করে দোকানে প্রবেশ করে। দোকানে ভিড়ের সুযোগ নিয়ে সে প্রায় ১৮-২০ হাজার টাকার বিভিন্ন মালামালের একটি স্লিপ তৈরি করে। এরপর সুকৌশলে প্রায় ১১ হাজার টাকা মূল্যের দামি সিগারেট নিজের ব্যাগে ভরে নেয়। পরে দোকানদারের কাছে ভালো মিষ্টি দই কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করে স্বাভাবিক ভঙ্গিতে দোকান থেকে বেরিয়ে যায় প্রতারক।

দোকানের মালিক সুভাষ বিশ্বাস জানান, আনুমানিক ২৬ বছর বয়সী একজন ব্যক্তি সকালে বাজার করার কথা বলে তার দোকানে আসেন। নরম শুরে কথা বলে তিনি বিভিন্ন মালামাল নেওয়ার জন্য একটি স্লিপ তৈরি করান। দোকান কর্মীরা যখন স্লিপ অনুযায়ী মালামাল নামিয়ে এক জায়গায় গোছাচ্ছিলেন, ঠিক তখনই দোকানে ভিড় বেড়ে যাওয়ার সুযোগে ওই প্রতারক সিগারেটগুলো নিজের ব্যাগে ভরে নেন। যা পরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

দোকান মালিক সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘ছবিতে দেখা এই সন্দেহভাজন ব্যক্তিকে যদি কোথাও এসব সিগারেট বিক্রি করতে দেখা যায় কিংবা তার সন্ধান পাওয়া যায়, তাহলে যেন নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরাসরি দোকান মালিকের সঙ্গে যোগাযোগ করেন।’ এ ধরনের প্রতারক যাতে কোথাও আশ্রয় না পায় সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান ব্যবসায়ীবৃন্দ।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ওসি এস সাকের আহম্মেদ জানান, ঘটনা শুনেছি যদি দোকানদার অভিযোগ করেন তাহলে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Translate