বুধবার ১৫ই জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় স্থগিত হওয়া পরীক্ষার সময় একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষার ৬ ও ৭ নম্বর ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৫তম দিনে কার্যপ্রণালিবিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

বেলা ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। কিন্তু সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫টি জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, “চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট বোর্ডের প্রস্তুত করা অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত একই তারিখে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় পরীক্ষার্থীদের এই বিশেষ সুযোগ প্রদান করা হলো।”

 

পদার্থবিজ্ঞানে ভুল প্রশ্নে পূর্ণ নম্বর

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের বিষয়টি সংসদে তুলে ধরে পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “পদার্থবিজ্ঞান প্রথমপত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৬ নম্বর ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, তার জন্য সব পরীক্ষার্থীকে ওই প্রশ্নগুলোর পূর্ণ নম্বর দেওয়া হবে।”

Translate