যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক সপ্তাহের হামলা-পাল্টা হামলার পরও উত্তেজনা কমানোর চেষ্টা করছে ওয়াশিংটন। একই সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য এখনও একটি সমাধান খোঁজার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।
উভয় পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে গত বুধবার কাতার, পাকিস্তান এবং অঞ্চলের অন্যান্য মধ্যস্থতাকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক ফোনালাপ করেছেন।
ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সতর্কবার্তাট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সতর্কবার্তা
মধ্যস্থতার সঙ্গে জড়িত অঞ্চলের একটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, উভয় পক্ষকে প্রথমে উত্তেজনা প্রশমনে রাজি করাতে এবং এরপর কারিগরি দলগুলোর মধ্যে পরবর্তী দফার আলোচনার তারিখ নির্ধারণের জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক প্রতিবেদনে আল জাজিরার কিম্বার্লি হ্যালকেট জানিয়েছেন, দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রতিশ্রুতি এখনও বহাল রয়েছে।
সূত্র: আল জাজিরা