রবিবার ৫ই জুলাই, ২০২৬

চট্টগ্রামে বাকবিতণ্ডার জেরে শিশুর পেটে ছুরিকাঘাত, আটক ৩

চট্টগ্রাম নগরীতে তুচ্ছ বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছে চার বছর বয়সী এক শিশু।

মামাকে লক্ষ্য করে চালানো ছুরিকাঘাত শিশুটির শরীরে লাগলে তার পেটে মারাত্মক আঘাত লাগে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।

শুক্রবার ( ৮ জুলাই) রাত ৮টায় কোতোয়ালী থানাধীন বিআরটিসি জামতলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু মোহাম্মদ দিয়ান পরিবারের সদস্যদের সঙ্গে এনায়েত বাজার এলাকার বাসা থেকে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের দাবি, খেলাধুলার সময় শিশুটির মামা আজহারুল হকের সঙ্গে প্রতিবেশী নুরুন্নবীর তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে আজহারুল হকের ওপর হামলার চেষ্টা করেন। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুরির আঘাত লাগে পাশে থাকা শিশু দিয়ানের শরীরে, এতে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা তার অস্ত্রোপচার করেন। বর্তমানে সে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিশুটির পরিবার।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ঘটনার পর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Translate