বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬

‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচে অলিম্পিক গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা, আর শেষ মুহূর্তে বদলি সাগরিকার গোলে আসে জয়।

বুধবার (৩ জুন) ভারতের গোয়ার মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নেপাল। ২৩ মিনিটে দীপা শাহির নেওয়া সেটপিস থেকে বল গোলকিপার মিলি আক্তারের হাত ছুঁয়ে ফিরে আসে। পরে ডিফেন্ডারদের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ কাজে লাগিয়ে গীতা রানার শট জালে জড়িয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক কর্নার থেকে অলিম্পিক গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। তার বাঁ পায়ের শট সরাসরি গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়।

উল্লেখ্য, ফুটবলে কর্নার কিক থেকে সরাসরি অর্থাৎ কোনও খেলোয়াড়কে স্পর্শ না করে গোল হলে সেটিকে অলিম্পিক গোল বলে।

এরপর যোগ করা সময়ের শেষ দিকে দুই বদলির সমন্বয়ে আসে জয়সূচক গোল। শামসুন্নাহার জুনিয়রের ডান প্রান্ত থেকে বাড়ানো পাসে ৬ গজের ভেতর বল পান সাগরিকা। সুযোগ নষ্ট না করে বল জালে পাঠিয়ে দেন তিনি।

ম্যাচসেরার পুরস্কার উঠেছে রাঙামাটি থেকে উঠে আসা এই ফুটবলারের হাতে।

ম্যাচ শেষে ঋতুপর্ণা চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। আপনাদের সমর্থন এবং আমাদের কঠোর পরিশ্রমের সুবাদে আমরা টানা তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছি। আমরা এই জয়টি বিশেষভাবে উৎসর্গ করছি আমাদের শিউলি দিদির মাকে। আজকের লড়াইটা ছিল জাতির জন্য—দেশের ফুটবল সমর্থকদের জন্য।’

বাংলাদেশের এই জয় সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা সাফল্যের ধারাকে আরও শক্তিশালী করেছে।

Translate