ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই নতুন কোনো চমক। এবার সেই চমকের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিল তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর টিজার। আজমান রুশোর গল্প ও পরিচালনায় নির্মিত এই সিনেমাটির টিজার মুক্তি পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে।
টিজারটির শুরুতেই দর্শকদের জন্য রয়েছে একটি বিশেষ বার্তা—হেডফোন ব্যবহার করুন বা না করুন, মিউজিকের সেই টানটান উত্তেজনা আপনি অনুভব করবেনই! পুরো টিজার জুড়ে আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং দর্শকদের এক ভিন্ন জগতে নিয়ে যায়। বিশেষ করে বিশালাকার স্টেডিয়ামের শটগুলো সিনেমার বিশাল ক্যানভাসকেই ফুটিয়ে তুলেছে।
টিজারের কেন্দ্রবিন্দুতে ছিলেন শাকিব খান নিজে। ‘গ্লোবাল সুপারস্টার’ তকমা নিয়ে তার রাজকীয় উপস্থিতি আর সিগার হাতে সেই রহস্যময় হাসি ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। কখনো তাকে দেখা গেছে হাতে গিটার নিয়ে মঞ্চ কাঁপানো রকস্টার হিসেবে, আবার কখনো রোমান্টিক বা বিধ্বংসী লুকে।
সিনেমার নাম যেহেতু ‘রকস্টার’, তাই এর মূল আকর্ষণ মিউজিক। টিজারে ব্যবহৃত ‘আমারে উড়িয়ে দাও’ বা ‘আমারে পুড়িয়ে দাও’-এর মতো গানের পঙ্ক্তিগুলো এবং রক মিউজিকের সাথে বাংলা কথার মিশেল দর্শকদের দারুণভাবে টেনেছে। টিজারের একটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে— “সংগীত কেবল বাদ্যযন্ত্রের সুর নয়, কখনো কখনো এটি জীবনের চেয়েও বড় কিছু।”
তবে সিনেমাটি শুধু গানেই সীমাবদ্ধ নয়। টিজারে ‘আগুন’কে খোঁজা এবং মারমার-কাটকাট অ্যাকশন দৃশ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে, এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রতিশোধ বা গভীর লড়াইয়ের গল্প।
চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। এ ছাড়া আরও অভিনয় করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। যদিও টিজারে দেখা যায়নি তাদের।