একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা তাদের আমানত ফেরত এবং মুনাফা কর্তনের ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যাংকের গ্রাহকেরা।
রবিবার (৩ মে) সকাল ১১টায় খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের এক পর্যায়ে ওই শাখায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বিক্ষোভরত গ্রাহকরা বলেন, অবিলম্বে তাদের আমানতের ওপর মুনাফা কর্তন বা ‘হেয়ারকাট’ পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে। একইসঙ্গে নির্দিষ্ট মেয়াদ শেষে বা জরুরি প্রয়োজনে পুরো টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক লেনদেন দ্রুত চালু করতে হবে। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত সমাধানের দাবি জানান এবং প্রয়োজনে চট্টগ্রামের সব ব্যাংকে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন।
গ্রাহকেরা অভিযোগ করেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। নানা অজুহাতে ব্যাংকগুলো আমানত ফেরত দিচ্ছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন তারা। একীভূতকরণের পর ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় চরম অস্থিরতা তৈরি হয়েছে।