বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬

দুটি সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান সরকারের

বিনোদন জগতে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এ উদ্যোগ নিয়েছে।

সিনেমা দুটি নির্মাণের জন্য আগ্রহী অভিজ্ঞ পরামর্শক ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এরই মধ্যে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানকে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে। প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ডিএফপি কর্তৃপক্ষ। তারা আরও জানিয়েছে, সিনেমা দুটি নির্মাণে আধুনিক কারিগরি মান ও সৃজনশীলতার সমন্বয় থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বল্পদৈর্ঘ্য সিনেমা দুটির মধ্যে একটির বিষয়বস্তু হবে লোকগাথা ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এ সিনেমার দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট। সিনেমাটি নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা। অন্য সিনেমার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইসলামি সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী কোনো গল্পের ওপর ভিত্তি করে। ১২ থেকে ১৫ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমাটির জন্য বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।

নির্বাচিত প্রযোজনা প্রতিষ্ঠানকে সিনেমার চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ নির্মাণসংশ্লিষ্ট সব কাজ সম্পন্ন করতে হবে।

Translate