ভারতের আসাম বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) বড় ব্যবধানে জয়ী হয়ে ফের ক্ষমতায় ফিরতে যাচ্ছে বলে এনডিটিভি-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক বুথ ফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার প্রকাশিত এই জনমত জরিপে বলা হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি-এজিপি-বিপিএফ জোট ৮৮ থেকে ১০০টি আসনে জয়ী হতে পারে।
একসময় আসামের রাজনীতিতে আধিপত্য বিস্তার করা কংগ্রেস নেতৃত্বাধীন জোট আসনসংখ্যার দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকছে। বুথ ফেরত জরিপ অনুযায়ী, তারা ২৪ থেকে ৩৬টি আসন পেতে পারে।
জরিপে আরও বলা হয়েছে, বিজেপি এককভাবে ৭০ থেকে ৮০টি আসনে জয়ী হয়ে রাজ্যটির বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।
জোটের শরিক দলগুলোর মধ্যে এজিপি ৭ থেকে ৯টি এবং বিপিএফ ৯ থেকে ১১টি আসনে জয় পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।