বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধ: প্রথমবার কংগ্রেসের মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের জেরার মুখে পড়ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে হাজির হওয়ার কথা রয়েছে তার। মূলত প্রশাসনের ২০২৭ সালের সামরিক বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এই শুনানি ডাকা হলেও, ইরান যুদ্ধের প্রেক্ষাপট এবং শীর্ষ সামরিক নেতাদের বরখাস্তের মতো বিতর্কিত বিষয়ে তাকে কঠোর প্রশ্নের মুখোমুখি হতে হবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

বাজেট প্রস্তাবনায় প্রতিরক্ষা খাতে ঐতিহাসিক ১.৫ ট্রিলিয়ন ডলার ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুনানিতে হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অতিরিক্ত ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ডেমোক্র্যাটরা শুনানির মূল আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারেন ইরান যুদ্ধের আকাশচুম্বী খরচ, সামরিক সরঞ্জামের ঘাটতি এবং একটি স্কুলে বোমা হামলায় শিশুদের মৃত্যুর ঘটনা নিয়ে। ডেমোক্র্যাটদের দাবি, কংগ্রেসের কোনও অনুমোদন ছাড়াই এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম যেভাবে আকাশচুম্বী হয়েছে, যা রিপাবলিকানদের জন্য আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

যদিও রিপাবলিকানরা এখন পর্যন্ত ট্রাম্পের যুদ্ধের নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন, তবুও যুদ্ধের দীর্ঘসূত্রতা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইরান পারমাণবিক কর্মসূচির ঝুঁকি এবং আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা থাকায় তারা এখন সতর্ক অবস্থানে।

তবে শুনানির সবচেয়ে উত্তপ্ত অংশটি হতে পারে হেগসেথের সাম্প্রতিক সামরিক নেতৃত্বে রদবদল নিয়ে। গত সপ্তাহে নৌবাহিনীর সচিব জন ফেলান এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল র‍্যান্ডি জর্জসহ বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালকে বরখাস্ত করেছেন হেগসেথ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকানদের অনেকেই।

হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে রিপাবলিকান প্রতিনিধি অস্টিন স্কট জেনারেল জর্জের বরখাস্তের তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবারের পর বৃহস্পতিবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতেও হাজির হওয়ার কথা রয়েছে হেগসেথ ও জেনারেল কেইনের।

Translate