শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

চবির শাটল ট্রেন সংস্কারে ১১ দফা দাবি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের সার্বিক সংস্কারের দাবিতে ১১ দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার (২৫ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘শাটল ট্রেন সংস্কার আন্দোলন’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে ছিল— ‘বাপ-দাদার আমলের বগি, পরিবর্তন করতে হবে’, ‘শাটলের ঢিল ছুঁড়ে, প্রশাসন কী করে’, ‘শাটলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, ‘ছাত্র মরে গরমে, ভিসি থাকে আরামে’ ইত্যাদি।

কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শাটল ট্রেনের নানা সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেছি। কিন্তু আলোচনার মাধ্যমে কোনো কার্যকর সমাধান আসেনি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। প্রশাসনের কাছে আমরা ১১টি দাবি জানিয়েছি। এসব দাবি আগামী রোববার দুপুর ১২টার মধ্যে মেনে না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বিকল্প রুট চালু ও অপারেশন ব্যবস্থার উন্নয়ন, কোচ বৃদ্ধি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিত করা, নিরাপত্তা কর্মী নিয়োগ, আধুনিক ইলেকট্রনিক সুবিধা সংযোজন, ট্রেনের গতি বৃদ্ধি, বগির সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ, স্টেশন অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন, প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং স্টেশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

Translate