সোমবার ২০শে এপ্রিল, ২০২৬

চীন-উত্তর কোরিয়ার যাত্রীবাহী ট্রেন আবার চালু

ছয় বছর বিরতির পর চীন ও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করেছে। বৃহস্পতিবার থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ট্রেন চলাচল শুরু হয়।

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হওয়ায় সীমান্তবর্তী এলাকায় নতুন করে যাতায়াত ও বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছে।

নতুন ব্যবস্থায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে চীনের বেইজিং এবং চীনের লিয়াওনিং প্রদেশের সীমান্ত শহর তানতোং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।

স্থানীয়রা জানান, ট্রেন পরিষেবা চালু হওয়ায় এখন তাদের আর উত্তর কোরিয়ায় যেতে প্রাদেশিক রাজধানী শেনিয়াংয়ের তাওসিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে হবে না।

চায়না স্টেট রেলওয়ে গ্রুপ জানিয়েছে, তানতোং-পিয়ংইয়ং রুটে প্রতিদিন দুই দিকেই ট্রেন চলবে। বেইজিং-পিয়ংইয়ং রুটে সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার দ্বিমুখী পরিষেবা চালু থাকবে।

সূত্র: সিসিটিভি

Translate