মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬

এক ইসলামী গানে ছয় শিল্পীর কণ্ঠ

পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে একটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয়জন শিল্পী। তারা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ।

দুঃখ, হতাশা ও নিঃস্বতার মুহূর্তে একমাত্র ভরসা আল্লাহ্। মানুষের কাছে মুখাপেক্ষী না হয়ে, কুরআনের নির্দেশনা মেনে আল্লাহর দিকে ফিরে গেলে তিনি বান্দাকে আশ্রয় ও শান্তি দেন। এই ভাবার্থে ‘আল্লাহ দেবে ঠাঁই’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান । সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় ভিডিওতে অংশগ্রহণ করেছেন এই ছয় শিল্পী।

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, ‘এক গানে জনপ্রিয় ছয় শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের বিষয়। গানের কথায় আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ও মুনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশা করছি এই ইসলামী গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

 

কাজী শুভ বলেন, ‘গানের কথাগুলো অসাধারণ। আমরা ছয় জন খুব ভক্তি নিয়ে গানটি গেয়েছি। আশা করছি এই গানটি শুনলে মুমিনের দিল ঠান্ডা হয়ে যাবে।’

 

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, শিগগিরই তাদের ইউটিউব চ‍্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে, দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল‍্যাটফর্মে।

Translate