অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৬ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মোট ভোটার ২৫৮ জন।
নির্বাচন উপলক্ষে ক্র্যাব কার্যালয় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ১৫টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন প্রার্থী।
ভোট দেওয়ার আগ মুহূর্তেও নির্বাচনের প্রার্থীরা নিজের পক্ষে ভোটারদের কাছে ভোট চাইছেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজের মাধ্যমেও তারা ভোট চাইছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা মেহেদী তমাল ও আলাউদ্দিন আরিফ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী সিরাজুল ইসলাম, এমএম বাদশাহ ও হাসান উজ-জামান।
যুগ্ম সম্পাদক পদে নিয়াজ আহম্মেদ লাবু ও শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ও মো. এমদাদুল হক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাংগঠনিক সম্পাদক পদে আমানুর রহমান রনি ও নিহাল হাসনাইন এবং দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হোসেন ইমু ও এস এম ফয়েজ লড়ছেন।
কার্যনির্বাহী সদস্য তিন পদের জন্য প্রার্থী আইয়ুব আনসারী, আবু হেনা রাসেল, মাহবুব আলম ও হরলাল রায় সাগর।
এদিকে সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন এবং আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য ক্র্যাবের নেতৃত্ব নির্ধারিত হবে।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।