শাকিব খান সচরাচর কোনও বিষয় নিয়ে প্রকাশ্য পর্যালোচনা বা সমালোচনা করতে অভ্যস্ত নন। অথচ এবার খোদ নিজের ক্যারিয়ারের খেরোখাতা লিখে বসলেন। করলেন আত্মপর্যালোচনা।
ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ড থেকে নিজের ইনস্টাগ্রামে ১১ বছর আগে পোস্ট করা ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন শাকিব খান। এই পোস্টে তিনি নিজের ক্যারিয়ার পর্যালোচনা করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, ‘গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।’
বলা ভালো, দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ার শাকিব খানের। এর মধ্যে টানা ২০ বছর ধরে তিনি ঢালিউড শাসন করছেন। লম্বা সময় কাটালেও তার এই পথচলা সহজ ছিল না। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।’’
শাকিব খানের ক্যারিয়ার যেন দুই অধ্যায়ে ভাগ হয়ে আছে। করোনার আগে ও পরে। করোনা পরবর্তী সময়ে নতুন এক শাকিব খানকে পেয়েছে দর্শক। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সব শ্রেণির দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এরপর ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক দেশ ও বিদেশে নতুন অধ্যায়ের জন্ম দেয়। টানা সুপারহিট করে।
শাকিব খান আত্মপর্যালোচনায় লেখেন, ‘এই পথচলা নির্ভুল ছিল না। এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আমি এখনও সেই গল্পটি লিখছি… একের পর এক নতুন অধ্যায়।’
খবর মিলছে, শাকিব খানের পরের চমক ‘সোলজার’, এরপর ‘প্রিন্স’।