ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে ইরান-সমর্থিত হুতিদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামো স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, হাজিজ পাওয়ার স্টেশন এই হামলার লক্ষ্য ছিল। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে,
‘ইসরায়েলি বাহিনী ইয়েমেনের গভীরে একটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা হুতি সন্ত্রাসী শাসনের সেবা দিচ্ছিল।’
তবে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কোন স্থাপনাটি লক্ষ্যবস্তু ছিল, তা উল্লেখ করা হয়নি।
হুতিদের আল-মাসিরা টিভি একটি সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানিয়েছে, সানার দক্ষিণে অবস্থিত হাজিজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: ফ্রান্স-২৪, আল-মাসিরা টিভি, টাইমস অব ইসরায়েল।