প্রায় চার দশক পর আবারও বাংলাদেশ থেকে কোনও সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন। বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস এই অভিযানে সফল হয়েছিলেন। তার পরে আব্দুল মালেক, সবশেষ ১৯৮৭ সালে মোশাররফ খান এই কীর্তি গড়েন। ৩৮ বছর পর বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল সেই তালিকায় যুক্ত হলেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় (ইংল্যান্ড সময় মধ্যরাত আড়াইটা) ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন সাগর ও হিমেল। সোয়া ১২ ঘণ্টার চ্যালেঞ্জ শেষে তারা সফল হন। ইংল্যান্ড থেকে বাংলাদেশের সাবেক তারকা সাঁতারু ও অলিম্পিয়ান সাগর বলেন, ‘আমরা ৬ জনের একটি রিলে দল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি। বাংলাদেশ থেকে আমি ও নাজমুল ছিলাম। বাকি চারজনের একজন মেক্সিকান ও তিনজন ভারতীয়। রিলের মধ্যে আমিই প্রথম সাগরে নামি। প্রত্যেকে নির্দিষ্ট সময় ও পথ অতিক্রম করে সাঁতরাই। সবমিলিয়ে ১২ ঘণ্টা ১৫-২০ মিনিটের মতো লেগেছে। সফলভাবে আমরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি।’
ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। সেটি পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে বললেন সাগর, ‘ব্যক্তিগত ও রিলে দুটি মিলিয়ে বছরের নভেম্বরের দিকে আনুষ্ঠানিক সনদ প্রদান করে। ইংলিশ চ্যানেলের ওয়েবসাইটে অবশ্য পাড়ি দেওয়া ব্যক্তিদের নাম দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করে।’
মোশাররফ, সাগর ও হিমেলের আগে ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন ব্রজেন। এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতরে পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তখন। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই দুঃসাহসিক অভিযানে নেমে সফল হন।