জাতীয় দলের পর ক্লাবেও একসঙ্গে খেলতে যাচ্ছেন পর্তুগালের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। চেলসি থেকে তরুণ ফরোয়ার্ডের সঙ্গে দুই বছরের স্থায়ী চুক্তি করেছে আল নাসর। মঙ্গলবার সৌদি প্রো ক্লাব এই ঘোষণা দিয়েছে।
ট্রান্সফার ফি কত, তা প্রকাশ করেনি আল নাসর। তবে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৫ কোটি ইউরোতে হয়েছে এই চুক্তি।
পর্তুগিজ স্ট্রাইকারের একটি শর্ট ভিডিও এক্স-এ প্রচার করে আল নাসর লিখেছে, ‘একসঙ্গে জিতবো… জোয়াও ফেলিক্স একজন নাসরাওয়ি।’ ২৫ বছর বয়সী ফেলিক্স বলেছেন, ‘এখানে এসেছি মজা করতে এবং একসঙ্গে জিততে।’
২০২৩ সালে ধারে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে চেলসিতে যান ফেলিক্স। সাড়ে চার কোটি পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে স্থায়ী চুক্তি করেন পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু স্থায়ী হয়েও শুরুর লাইনআপে জায়গা ধরে রাখতে কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।
গত মৌসুমের শেষ ভাগে এসি মিলানে ধারে খেলেন ফেলিক্স। ১৯ ম্যাচে করেন ৩ গোল। গণমাধ্যমের খবর, ইতালিতে স্বল্প সময়ে পাঠিয়েও ৫০ লাখ পাউন্ড আয় করেছিল চেলসি।
বেনফিকা ফেলিক্সকে ফেরানোর আগ্রহ দেখায়। কিন্তু আল নাসর তাদের স্কোয়াড শক্তিশালী করার উচ্চাকাঙ্ক্ষা থেকে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে টানলো। সৌদি প্রো লিগ জয়ের আশায় ইতোমধ্যে তারা রোনালদোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে এবং কোচও পর্তুগিজ- হোর্হে জেসুস।