সোমবার ২৭শে এপ্রিল, ২০২৬

মাইলস্টোনে নিহত আফনান ফাইয়াজের পরিবারের সঙ্গে রিজভীর সাক্ষাৎ

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী আফনান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। শনিবার (২৬ জুলাই) সকালে আফনানে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নেন তিনি।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ আফনান ফাইয়াজের বাবা আব্দুস সালাম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন।

এসময় রুহুল কবির রিজভী ফাইয়াজের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। আপনাদের কষ্টের সঙ্গে কোনোকিছুরই তুলনা হয় না। আমরা শুধু আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আল্লাহতালা মেধাবী ফাইয়াজকে বেহেশত নসিব করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও ছাত্রদল নেতা ডা. সাব্বির-সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Translate