রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ২১ জুলাই একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি হিসাব মতে, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। এদের বেশিরভাগই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
এমন ঘটনায় পুরো দেশ শোকে স্তব্ধ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও শোকে মুহ্যমান। তারাও জানেচ্ছেন শোক ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা।
মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল বিমান বিধ্বস্তের ঘটনায় জানিয়েছেন শোক। সেইসাথে এমন ভয়ঙ্কর ঘটনায় জানিয়েছেন ক্ষোভ।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ জুলাই লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলে কালকের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কতগুলো নির্দোষ প্রাণ ঝরে গেল। ছোট ছোট শিশু, শিক্ষিকা, মা, পথচারী এক ঝলকে সব পুড়ে শেষ।’
এরপর পিয়া অনেকটা ক্ষোভ জানিয়ে লিখেছেন, ‘এই ভয়ংকর ঘটনার দায় কে নেবে? সরকার? বিমান কর্তৃপক্ষ? নাকি এয়ারলাইন? নাকি এটাও অন্য অনেক ঘটনার মতো ধীরে ধীরে ভুলে যাবে সবাই? উত্তর দরকার। দায়িত্ব দরকার। নিরাপত্তা দরকার। শুধু আজকের জন্য না, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যতের জন্য।’
উল্লেখ্য, পিয়া জান্নাতুল ছাড়াও শোবিজের প্রায় সব তারকারাই বিমান বিধ্বস্তের এই ঘটনায় শোক ও প্রার্থনা জানিয়েছেন। তাদের মধ্যে আছেন পরীমণি, শাকিব খান, আরিফিন শুভ, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদ, ইমন, তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস, তমা মির্জা, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আসিফ আকবর, ইমরান মাহমুদুল, সোমনুর মনির কোনাল, আতিয়া আনিসা, দিলশাদ নাহার কনা, সাবরিনা পড়শীসহ আরও অনেকে।