সাধারণত গ্যালারিতে প্রিয় তারকার ব্যানার বা প্ল্যাকার্ড নেওয়া একটি স্বাভাবিক বিষয়, যা দেশে-বিদেশে প্রায়ই দেখা যায়। তবে সাকিব আল হাসানের ক্ষেত্রে! সাম্প্রতিক রাজনৈতিক সম্পৃক্ততা ও বিতর্কের কারণে বিষয়টি শুধুই ভক্তদের ভালোবাসা হিসেবে না দেখে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে। এ কারণেই চলতি বছরের শুরুতে বিপিএলে দর্শকদের সাকিবের নামসংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী হয়তো সেটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখেছে। আসন্ন পাকিস্তান সিরিজে কি সাকিব ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারের প্ল্যাকার্ড নিয়ে মাঠে যেতে পারবেন?
এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও কাজে তাদের আপত্তি নেই। রবিবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকিটের মূল্য ঘোষণা করা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে বিসিবির সহসভাপতি এবং অর্থ ও বিপণন বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম বলেছেন, ‘বিসিবি সব সময়ই বাংলাদেশের হয়ে খেলা ক্রিকেটারদের সম্মান করে। আমাদের অনার্স বোর্ডে তাদের নাম রয়েছে। টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তির যে আয়োজনে আমরা দেশের প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের সম্মিলিতভাবে শ্রদ্ধা জানিয়েছি, তাতেই প্রমাণিত হয়েছে আমরা তাদের সম্মান জানাই।’
লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে সাকিব। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই বাস্তবতা এবং ব্যবসায়িক কিছু মামলার কারণে সাকিব দেশে ফিরতে পারছেন না। এই কারণে খেলা হচ্ছে না জাতীয় দলেও।
তবে দুইদিন আগে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ফের আলোচনায় ফেরেন তিনি। জিএসএলে নিজের অভিষেক ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রান করেন সাকিব। পরে বোলিংয়েও মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এরপর সাকিবকে জাতীয় দলে ফেরানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। এবার সে গুঞ্জনের পালে হাওয়া দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু।
এ ব্যাপারে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনও সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে।’