প্রায় ১৩ বছর পর আমির খানের বিপরীতে ‘সিতারে জামিন পার’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরেছেন জেনেলিয়া ডি’সুজা। সেটিও আবার প্রধান নারী চরিত্র দিয়ে। এখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বলা যায়, দারুণ ভালোবাসা পাচ্ছেন তিনি।
দর্শকের এত এত ভালোবাসা পেয়ে আপ্লুত এই অভিনেত্রী। তবে হয়েছেন খানিকটা অবাকও। জানিয়েছেন, তিনি ধরেই নিয়েছিলেন যে, মানুষ হয়তো তাকে ভুলে গেছে। কিন্তু সবার ভালোবাসা দেখে তিনি বুঝেছেন, তার ভক্তরা ঠিকই তাকে মনে রেখেছেন।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনেলিয়া বলেন, ‘গত ১০ বছর ধরে আমি খুব বেশি কাজ করিনি। হয়তো বন্ধুদের জন্য, এখানে-সেখানে একটা গান। আমি ওটিটির জন্য দুই-তিনটি ছবি করেছি। ভেবেছিলাম, মানুষ আমাকে ভুলে যাবে এবং আমার মনে হয় না যে, আমি এত গুরুত্বপূর্ণ। কিন্তু সবার প্রশংসা পেয়ে, আমাকে নিয়ে কথা বলতে দেখে ভালো লাগছে। তারমানে তারা আমার আরও কাজ দেখতে চায়। এটি আমির খানের ছবি, তাই আমি ভাবিনি যে, এই ছবির মধ্যে কোথাও আমারও অস্তিত্ব আছে। এটিই সেরা প্রশংসা যে, দর্শক আমার কাজ আরও বেশি দেখতে চায়। একজন অভিনেতা এবং মানুষ হিসেবে এটি বিশেষ পাওয়া যা সবাই পায় না।’
এসময় তিনি এটাও জানান যে, আমির খান কীভাবে তাকে কাস্ট করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এমনকি তার স্বামী রিতেশ দেশমুখের সাথেও যোগাযোগ করেছিলেন জানার জন্য যে, তিনি বর্তমানে কাজ করছেন কিনা।
জেনেলিয়া বলেন, ‘আমির আমাকে পরিচালক আরএস প্রসন্নের সাথে দেখা করতে বলেছিলেন। আমি এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলাম এবং সুযোগ পাই। আমি জানি বেশিরভাগ অভিনেতাই মনে করবেন যে, ২০ বছর কাজের পরও কেন অডিশন? কিন্তু আমার মনে হয়, এটি সিনেমায় সুযোগ পাওয়ার একটি দুর্দান্ত উপায়।’
‘সিতারে জামিন পার’ সিনেমাটি আমির খানের ২০০৭ সালের ক্লাসিক ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল।
এটি আমির খান এবং অপর্ণা পুরোহিত প্রযোজিত একটি স্পোর্টস কমেডি-ড্রামা। এই সিনেমায় আরও অভিনয় করেছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।
তাছাড়া, ডলি আহলুওয়ালিয়া, গুরপাল সিং, ব্রিজেন্দ্র কালা এবং অঙ্কিতা সেহগালের মতো পাকা অভিনেতারা এই সিনেমাটিকে ভিন্ন আঙ্গিকে নিয়ে গেছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা