কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের দুই বিশিষ্ট নাগরিক—পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব।
স্থানীয় সময় রোববার, ৮ জুন কানাডার অন্টারিও প্রদেশের লিনজি শহরের একটি হ্রদে নৌভ্রমণের সময় দুর্ঘটনার কবলে পড়ে তারা মৃত্যুবরণ করেন।
ঘটনার সূত্রপাত হয় স্থানীয় সময় শনিবার (৭ জুন), যখন ক্যাপ্টেন গুড্ডু স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকা থেকে কানাডার টরন্টো পৌঁছান। পরদিন রোববার তারা যান টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত লিনজি শহরে এবং একটি কটেজে ওঠেন। দুপুরের দিকে ক্যাপ্টেন গুড্ডু, তার বন্ধু আব্দুল্লাহ হিল রাকিব এবং রাকিবের পুত্র একটি ছোট নৌকায় করে হ্রদে ঘুরতে নামেন।
নৌকায় ঘোরার সময় হ্রদের তীরে অবস্থান করা গুড্ডুর স্ত্রী ও কন্যা মোবাইলে তাদের ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাকিবের ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও গুড্ডু ও রাকিব পানিতে ডুবে নিখোঁজ হন। পরে উদ্ধারকর্মীরা তাদের মৃতদেহ উদ্ধার করেন।
কানাডার অন্টারিও প্রাদেশিক পুলিশ নিশ্চিত করেছে, কাওয়ার্থা লেইকস অঞ্চলের ওই হ্রদে নৌকাডুবির ঘটনায় তিনজন পুরুষ আরোহীর মধ্যে দুজন মারা গেছেন। পুলিশ আরও জানায়, নৌকায় থাকা কেউই লাইফ-জ্যাকেট পরা অবস্থায় ছিলেন না।
মিসিসাগায় বসবাসরত ক্যাপ্টেন গুড্ডুর আত্মীয় ফাহমিদা টনি জানান, সাইফুজ্জামান গুড্ডু ছিলেন অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ একজন পাইলট।