আঠারো বছরের অপেক্ষা শেষে আইপিএল শিরোপা জিতলেন বিরাট কোহলি। দীর্ঘ অপেক্ষার পর আইপিএল জিতে আবেগে কেঁদে দিলেন বিরাট কোহলি। মাঠের মধ্যেই কেঁদে ফেললেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা।
মঙ্গলবার আহমেদাবাদে পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জয়ের পর আরসিবির তারকা বলেন, এই জয়টা যতটা দলের জন্য ততটা ফ্যানদের জন্য। ১৮টা বছর হয়ে গিয়েছে। আমি এই দলটাকে আমার তারুণ্য, নিজের সেরা সময়টা এবং নিজের অভিজ্ঞতা দিয়েছি। প্রতিটি মৌসুমে জেতার চেষ্টা করেছি। এই দলটাকে নিজের শক্তির প্রতিটা বিন্দু দিয়েছি। আর শেষপর্যন্ত যে এই দিনটা এসেছে, তা অবিশ্বাস্য লাগছে। কখনও ভাবিনি যে এই দিনটা আসবে।
বেঙ্গালুরুর প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দেন বিরাট কোহলি। তিনি বলেন, সত্যি কথা বলতে এটা আমাদের ক্যারিয়ারের সেরা জয়ের মধ্যে থাকবে। আমি শেষ ১৮ বছরে নিজের সবকিছু দিয়েছি। যাই হয়ে যাক কেন, আমি এই দলটার প্রতি অনুগত দেখেছি। এমন কয়েকটি মুহূর্ত গিয়েছে, যেখানে আমি অন্য কিছু ভেবেছি। কিন্তু আমি এই দলটার প্রতি অনুগত থেকেছি। আমি আরসিবির সঙ্গে দাঁড়িয়ে থেকেছি। ওরা আমার সঙ্গে দাঁড়িয়ে থেকেছে।
বিরাট আরও বলেন, আমি সবসময় আরসিবি হয়ে আইপিএল জিততে চেয়েছি। অন্য কারও হয়ে জেতার থেকে আরসিবি হয়ে জয়ের বিষয়টা আমার কাছে অত্যন্ত স্পেশাল। কারণ আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে আছে। আমার আত্মা বেঙ্গালুরুর হয়ে জড়িয়ে আছে। আর আমি যেমনটা বলেছিলাম, আমি যতদিন আইপিএল খেলব, ততদিন এই দলটার হয়েই খেলব।