শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

৭ আগস্ট থেকে বিশ্বজুড়ে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’

নিজেকে বা জীবনকে ফিরে দেখার প্রবণতা মানুষের চিরন্তন। কেমন হতো যদি ফেলে আসা মুহূর্তগুলো দেখা যেত ভিন্ন দৃষ্টিতে। এই অপূরণীয় আকাঙ্ক্ষা সম্ভব শুধু গল্প–সিনেমায়। সেটাই হয়েছে ‘উৎসব’ সিনেমায়। রূপালি পর্দায় সিনেমাটি দেখতে দেখতে কাহিনির নানা উপাদানের মাধ্যমে দর্শকরা যেন চলে গেছেন নিজেদের রেখে আসা সময়ে। সিনেমার গল্পের সঙ্গে না মিললেও দর্শকরা নিজের অজান্তেই চলে গেছেন নিজের সঙ্গে ঘটা নানা ঘটনায়। প্রেক্ষাগৃহে ‘উৎসব’ সিনেমাটি দেখে এমন অনুভূতিগুলোই ভালোলাগা দিয়েছে দর্শকদের। রিভিউ, প্রতিবেদনগুলোতে এমনটাই জানিয়েছেন দর্শকরা।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া অন্যতম প্রশংসিত সিনেমা ‘উৎসব’ গত ৭ সপ্তাহ ধরে চলছে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে। সেই অপেক্ষার অবসান হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির মাধ্যমে সিনেমাটি এবার ঘরে বসে উপভোগ করা যাবে বিশ্বজুড়ে।

‘উৎসব’ নির্মাতা তানিম নূর বলেন, ‘‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোট বেলায়। ‘উৎসব’ সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কিনা সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা।’

ওটিটিতে মুক্তি প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘‘ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। এই মাধ্যমে সারা পৃথিবীর মানুষ সিনেমা দেখেন। এখানে ‘উৎসব’ মুক্তি পাওয়াটা আনন্দের। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই এবং বিদেশের দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। আমি প্রত্যাশা করি ছোট বেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক–সিনেমা দেখতাম, সেভাবেই নিজ নিজ ঘরে বসে দর্শকরা সিনেমাটি দেখবেন চরকিতে।’’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি চরকিতে দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা। এখানেই শেষ নয়, আছে আরও চমক। ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) একই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ঈদের আরেক সুপারহিট সিনেমা ‘তাণ্ডব’।সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ অনেকে।

রায়হান রাফী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

বলা দরকার, ‘তাণ্ডব’ সিনেমাটি একই রাত একই সময়ে চরকির পাশাপাশি মুক্তি পাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে হইচই-এ। এমনটাই নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার-পিআর তানজিনা রহমান তাসনিম।

Translate