বোতলজাত সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়াতে নতুন করে কারসাজি শুরু করেছে ৫ থেকে ৬টি কোম্পানির প্রভাবশালী সিন্ডিকেট। রমজান মাসের শুরু থেকেই ওই চক্রটি পরিকল্পিতভাবে ডিলারদের মাধ্যমে খুচরা বাজারে তেলের সরবরাহ কৃত্রিমভাবে কমিয়ে দিয়েছে। এতে রোজা শেষ হয়ে ঈদের পর এক প্রকার বাজার শূন্য হয়ে যাচ্ছে বোতলজাত সয়াবিন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর মালিবাগ কাঁচাবাজার, বাড্ডা এলাকার গুদারাঘাট বাজার, কাওরান বাজার ও নয়াবাজার এলাকা ঘুরে এমন অভিযোগ উঠে আসে।
সরকারকে চাপে ফেলা ও তদারকির অভাবে ঈদের পর থেকেই অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার বলে জানা যায়।
সম্প্রতি সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে ‘ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি’ পর্যালোচনা বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত থাকায় দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। বর্তমানে বাজারে ১ লাখ ৭০ হাজার টন তেল মজুত আছে। আরও ৩ লাখ ৬০ হাজার টন পাইপলাইনে রয়েছে। অযথা আতঙ্কিত হয়ে বেশি পণ্য না কেনার জন্য তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানান। বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তবে মন্ত্রী কড়া অবস্থানে থাকলেও ওই সিন্ডিকেট বাজারে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। মুদি দোকান থেকে দিনে ২০ কার্টনের চাহিদা দিলেও সরবরাহ করা হচ্ছে মাত্র দুই থেকে চার কার্টন। এমন পরিস্থিতিতে চাহিদা বাড়ায় সুযোগ বুঝে খোলা সয়াবিনের দামও নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে ৩০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়ছেন সব শ্রেণির ক্রেতা।
মালিবাগ কাঁচাবাজারের মুদি ব্যবসায়ী মো. আল আমিন যুগান্তরকে বলেন, রোজার শুরু থেকেই কোম্পানিগুলো তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। ২০ কার্টন চাহিদা দিলে ২-৩ কার্টন দিয়ে যাচ্ছে। কোম্পানিগুলো ডিলারদের মাধ্যমে এমন কারসাজি করছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ফেলেছে। টার্গেট ছিল ঈদের আগেই দাম আরেক দফা বাড়ানোর। কিন্তু নতুন সরকারের কঠোর তদারকিতে তা পারেনি। তাই ঈদের পর আবার দাম বাড়াতে পাঁয়তারা শুরু করেছে ৫ থেকে ৬টি কোম্পানির প্রভাবশালী সিন্ডিকেট।
আল আমিন আরও বলেন, কোম্পানিগুলো সরবরাহ একেবারেই কমিয়ে দিয়েছে। এমন পরিস্থিতি আর দু-একদিন চলতে থাকলে বাজার থেকে বোতল তেল পুরোপুরি উধাও হয়ে যাবে। তখন তদারকি সংস্থা খুচরা পর্যায়ে তদারকি করবে। তেল না পেয়ে আমাদের জরিমানা করবে। কিন্তু যারা সব সময় কারসাজি করে, তাদের রাখবে ধরাছোঁয়ার বাইরে।
বাড্ডা এলাকার গুদারাঘাট বাজারের পাঁচটি দোকানের চারটিতে বোতল সয়াবিন তেলের সংকট দেখা গেছে। এক ও দুই লিটারের গুটিকয়েক বোতল থাকলেও ৫ লিটারের সয়াবিনের বোতল নেই। ক্রেতারা যে দোকানে তেল পাচ্ছেন কিনে নিচ্ছেন।
এদিন নয়াবাজারের চারটি মুদি দোকান ঘুরে তেলের সংকট দেখা গেছে।
বাজারের মুদি বিক্রেতা তুহিন বলেন, ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলের গায়ের দাম (এমআরপি) ৯৫৫ টাকা। ডিলারের কাছ থেকে আগে এই তেল ৯৩০ টাকায় কিনতাম, বিক্রি করতাম ৯৪০ টাকায়। ১০ টাকা লাভ থাকত। কিন্তু রোজার মধ্যে ৫ লিটারের বোতল কিনতে হয়েছে ৯৫০ টাকায়, বিক্রি করতে হয়েছে ৯৫৫ টাকায়। ডিলার পর্যায় থেকে তারা ১০ টাকা বাড়িয়ে দিয়েছে। এতে আমাদের খুচরা পর্যায়ে ৫ টাকা লাভ কমেছে।
কারওরান বাজারের তীর ব্র্যান্ডের ডিলার এটিএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সেলিম বলেন, রোজায় তীরের তেলের বেশ সংকট ছিল। স্বাভাবিক সময়ে দুই থেকে আড়াইশ কার্টন তেল পেতাম। সেখানে তখন কোম্পানি মাত্র ৫০ কার্টন তেল দিত। তাই তখন খুচরায় তেল সরবরাহ কমিয়ে দিতে হয়েছিল। তবে ঈদের আগে সরবরাহ কিছুটা বেড়েছিল। এখন আবার সরবরাহ কিছুটা কম।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, পরিবহণ সংকটে ভোজ্যতেল সরবরাহ ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন যুগান্তরকে বলেন, ব্যবসায়ীরা সব সময় সুযোগ খোঁজে। রোজার শুরুতেই বোতল সয়াবিনের সরবরাহ কমাতে শুরু করেছে সেই ৫-৬টি কোম্পানি। কারণ তারা সরকারকে চাপে ফেলে আরেক দফা দাম বাড়াতে চায়। সরকারের সংস্থাগুলোর তদারকির অভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।