শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা আন্দরকিল্লা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

এ সময় মিছিলে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, ‘বাংলাদেশকে আর কারও করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।’

বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যে সরকার তিন সপ্তাহ হয়ে গেলেও হাদী হত্যার মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি, সেই সরকার পুরোপুরিভাবে ব্যর্থ।’

ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, ‘শহীদ হাদির আদর্শ কোনও দলীয় আদর্শ নয়। হাদির উত্তরসূরি হিসেবে আধিপত্যের বিরুদ্ধে এই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখবো।’

এ সময় আরও বক্তব্য দেন তৌফিক ইমরোজ, এসএম শহিদ, আল মামুনসহ অনেকে।

Translate