শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি পার হলো ৮টি তেল ও গ্যাস ট্যাঙ্কার

যুদ্ধবিরতির সময় ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর অন্তত আটটি তেল ও গ্যাসবাহী ট্যাংকার এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্যে এই চিত্র উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার-এর তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) ভোরে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, চারটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)বাহী জাহাজ, দুটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার এবং একটি তেলজাত পণ্য বহনকারী জাহাজ প্রণালিটি পার হয়েছে।

অন্যদিকে মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের তথ্যে দেখা গেছে, ইরানের লারাক দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে আরও কয়েকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অবস্থান করছে। লারাক দ্বীপ এলাকাটি মূলত পারস্য উপসাগর থেকে বের হতে চাওয়া জাহাজগুলোর জন্য একটি চেকপয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়, যা যুদ্ধের শুরু থেকে ইরানি বাহিনীর কঠোর অবরোধের মুখে ছিল।

ইরানি বাহিনীর হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে কয়েকশ জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। সম্ভাব্য হামলা বা মাইনের আতঙ্কে জাহাজগুলোর ক্যাপ্টেনরা এই অঞ্চল এড়িয়ে চলায় পণ্য পরিবহনের খরচও বহুগুণ বেড়ে যায়।

Translate