প্রায় তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন কুইন্টন ডি কক। সেঞ্চুরিয়ানে তার অনবদ্য সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
সুপারস্পোর্ট পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২১ রানের পাহাড় গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৫ বল হাতে রেখেই অনায়াস জয় তুলে নেয় প্রোটিয়ারা।
২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই এইডেন মার্করামের উইকেট হারালেও ডি কক ও রায়ান রিকেলটন জুটিতে চড়ে ম্যাচ হাতের মুঠোয় নেয় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে এই দুই হার্ডহিটার মাত্র ৭২ বলে ১৬২ রানের বিধ্বংসী জুটি গড়েন। এই ইনিংসের পথেই টি-টোয়েন্টি সংস্করণে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ডি কক।
মাত্র ৪৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি শতক। কাকতালীয়ভাবে তার আগের সেঞ্চুরিটিও এসেছিল একই মাঠে এবং একই প্রতিপক্ষের বিপক্ষে। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৫ রানের এক টর্নেডো ইনিংস খেলে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ১০টি বিশাল ছক্কা ও ৬টি চারের মার।
অন্যদিকে ডি কককে যোগ্য সঙ্গ দেওয়া রিকেলটন ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
এর আগে ব্যাটিংয়ে নেমে শিমরন হেটমায়ারের ৭৫ ও শেরফান রাদারফোর্ডের অপরাজিত ৫৭ রানের ওপর ভর করে ২২১ রানের বড় সংগ্রহ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ ২ উইকেট শিকার করেন।
সিরিজের প্রথম ম্যাচেও ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আগামীকাল শনিবার নিয়ম রক্ষার শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।