রবিবার ১৪ই জুন, ২০২৬

সীতাকুণ্ডে শিপইয়ার্ড মালিকের গাড়ি থামিয়ে চাঁদা দাবিতে কমকর্তাকে মারধর, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিপব্রেকিং ইয়ার্ড মালিকের গাড়ির গতিরোধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দিতে রাজি না হওয়ায় ইয়ার্ডের কর্মকর্তাদের মারধর করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যার এ ঘটনায় আহত এক কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মূল হোতা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। রবিবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের সোনাইছড়ি সাগরপাড়ে অবস্থিত বিওবি রিসাইক্লাস শীপ ইয়ার্ডের এমডি এসএম নুরুন নবী ব্যক্তিগত গাড়ি নিয়ে শিপইয়ার্ড থেকে যাবার সময় খোঁজার পাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে ৭-৮ জন সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে। পরে তারা জোরপূর্বক এসএম নুরুন নবীকে গাড়ি থেকে নামিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করে।

এ ঘটনা দেখতে পান গাড়ির পেছনে আসা বিওবি রিসাইক্লাস শিপইয়ার্ডের পাবলিক রিলেশন অফিসার মো. আলমগীর হোসেন, কোম্পানীর পরিচালক নাজমুল হুদা, ভূমি অফিসার অহিদুর রহমান, ইয়ার্ড ম্যানেজার সাহাবউদ্দিন।এমডিকে দুস্কৃতকারীরা ঘিরে রেখে অকথ্য গালাগাল করতে দেখে তারা এগিয়ে আসলে সন্ত্রাসী দলের নেতৃত্বে থাকা মো. জাহাঙ্গীর (৪৬) ও তার সাথে থাকা ৬-৭ জন লাঠি দিয়ে তাদেরকে এলোপাতাড়ি পিটাতে শুরু করে। কিন্তু তারা মারধর খেয়েও এমডিকে গাড়িতে তুলে সরিয়ে দিলে জাহাঙ্গীর আরো ক্ষিপ্ত হয়ে পিআরও আলমগীরকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে লাঠির আঘাত করে। আঘাত থেকে বাঁচতে তিনি হাত দিলে হাত ফেটে রক্তাক্ত জখম হন। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে রাতে বিওবি রিসাইক্লার্স শিপইয়ার্ডের পাবলিক রিলেশন অফিসার মো. আলমগীর হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

জাহাঙ্গীর মধ্য সোনাইছড়ি বক্তারপাড়া এজাহার মেম্বার রোড এলাকার বাসিন্দা মুফিজুর রহমানের ছেলে।

বাদী  মো. আলমগীর হোসেন বিস্তারিত জানিয়ে বলেন, সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার দলবল চাঁদার দাবিতে আগেও তাদের ইয়ার্ডে গিয়ে নানান ঝামেলা করেছে। সর্বশেষ ৫ লাখ টাকার জন্য এমডির গাড়ির গতিরোধ করে তাকে নামিয়ে ফেলে। আমরা বাধা দিতে চাইলে আমাদেরও পিটিয়ে জখম করে এবং আমাদের সাথে থাকা টাকাও লুট করে। আমি মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে চালান দিয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে, আমরা আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।

Translate